২৫ বছর পর চার সপ্তাহের প্যারোলে বাড়ি ফিরলেন শাহিদুল

দীর্ঘ ২৫ বছর পর পরিবারের কাছে ফিরেছেন ভারতের দিল্লিতে হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক শাহিদুল আফজাল ফরাজী (৫৫)। ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার পর বাংলাদেশের কারাগারে বন্দি থাকা শাহিদুল চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের বাড়িতে পৌঁছান।
দীর্ঘদিন পর স্বামী ও বাবাকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে সাময়িক এই মুক্তিতে সন্তুষ্ট নন স্বজনরা। শাহিদুলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
কারা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শাহিদুল আফজালকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে দুপুর সোয়া ২টার দিকে তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশি নিরাপত্তায় শাহিদুলকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শাহিদুল আফজাল ফরাজী মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের মৃত আব্দুল লতিফ রাজের ছেলে।
শাহিদুলের মেয়ে মেমী বলেন, এত বছর বিচ্ছেদের পর বাবাকে কাছে পাওয়া অত্যন্ত আবেগের বিষয়। তবে এক মাসের প্যারোল নয়, তারা বাবার স্থায়ী মুক্তি প্রত্যাশা করেন। দাদি অসুস্থ থাকায় পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের মুক্তি মিলেছে।
তিনি আরও বলেন, তার বয়স যখন এক বছর, তখন বাবা ভারতে গিয়েছিলেন। তার বাবা নির্দোষ এমন দাবি করে সরকারের কাছে তাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
শাহিদুলের স্ত্রীও স্বামীর স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন। জীবনের বাকি সময়টুকু স্বামীর সঙ্গে একসঙ্গে কাটাতে চান উল্লেখ করে তিনি সরকারের কাছে স্বামীর স্থায়ী মুক্তির আবেদন জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুই বন্দিসহ শাহিদুল আফজালকে গাজীপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। বাগেরহাটের বাসিন্দা হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। প্যারোলের শর্ত অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। শর্তগুলো যথাযথভাবে পরিপালনের মাধ্যমে তিনি প্যারোলের সময় কাটাবেন।
জীবিকার সন্ধানে ভারতে গিয়ে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন শাহিদুল আফজাল ফরাজী। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ২০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০২১ সালে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন।

