logo

এসএসসির নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ফাঁস, বিক্রির অভিযোগ ১৫০০ টাকায়

এসএসসির নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ফাঁস, বিক্রির অভিযোগ ১৫০০ টাকায়
পরীক্ষা স্থগিতের খবরে স্কুলমাঠে শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ১৫০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আগের সব পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জনি ফটোকপির দোকান থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম ওই দোকানে অভিযান চালান। অভিযানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আজকের পরীক্ষাসহ আগের সব পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।