logo

‘আমার দ্বারা বেঁচে থাকা সম্ভব না’ স্ট্যাটাসের পর যুবকের লাশ উদ্ধার

‘আমার দ্বারা বেঁচে থাকা সম্ভব না’ স্ট্যাটাসের পর যুবকের লাশ উদ্ধার
শুভান্ত কুমার দেবনাথ পাপ্পু। ছবি : ফেসবুক থেকে পাওয়া

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সরকারি আবাসিক ভবনের (ডরমিটরি) একটি কক্ষ থেকে শুভান্ত কুমার দেবনাথ পাপ্পু (২৬) নামের এক আউটসোর্সিং আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

শুক্রবার (২ অক্টোবর) রাতে কাজীপুর উপজেলা ডরমিটরির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি।

পাপ্পু ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের জালালি গ্রামের চন্দন কুমার দেবনাথের ছেলে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের আউটসোর্সিং প্রকল্পে ‘ফিল্ড আইটি টেকনিশিয়ান’ হিসেবে কাজ করতেন। কর্মসূত্রে তিনি কাজীপুর উপজেলা ডরমিটরিতে থাকতেন।

ফেসবুকে দেওয়া পোস্ট।
ফেসবুকে দেওয়া পোস্ট।

আত্মহত্যার ঠিক আগে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট দেন পাপ্পু। সেখানে তিনি নিজের জীবনের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়, সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক। ভালো থাকবেন সবাই।’

পাপ্পুর কাকা শংকর দেবনাথ বলেন, শুক্রবার রাত ২টার দিকে আমরা মৃত্যুর খবর পাই। পাপ্পু কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা আমরা জানি না। ফেসবুকে তার পোস্ট দেখার পর ফোনে যোগাযোগের চেষ্টা করি। তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অফিস থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ডরমিটরি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।