logo
Advertisement

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ছয়জন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সরকার বিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১টায় ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যান।

এ সময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালী, জিয়াউর রহমান, আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় মোস্তাক আহম্মেদ নামে একজন বাদী হয়ে থানায় ১৬ জনের নাম করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।