Advertisement

পদ্মার দুই বোয়াল ৯৫ হাজার টাকায় বিক্রি

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
পদ্মার দুই বোয়াল ৯৫ হাজার টাকায় বিক্রি
পদ্মায় ধরা পড়া ১৪ কেজি ওজনের বোয়াল মাছ। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এবার ধরা পড়েছে ১৯ কেজি ও ১৪ কেজি ওজনের দুটি বিশাল বোয়াল মাছ।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি সর্বমোট ৯৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়েছে।

ঘাট ও আড়ত সূত্রে জানা গেছে, ভোরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে জাল ফেলেন জেলে বাচ্চু। ভোররাতে তার জালে প্রথমে ১৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। সকালে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। এর কিছু পরেই সকাল ৮টার দিকে জেলে তাপসের জালে ধরা পড়ে ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের আরেকটি বোয়াল। সেটিও একই আড়তে নিয়ে আসা হলে ঘাটে হইচই পড়ে যায়।

আড়তে মাছ দুটি ওঠার পর প্রথমে ১৪ কেজির বোয়ালটি উন্মুক্ত নিলামে তোলা হলে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৩৯ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। এর কিছুক্ষণ পর ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের দ্বিতীয় বোয়ালটির ডাক ওঠে। সেটির প্রতি কেজির দাম হাঁকা হয় ২ হাজার ৯০০ টাকা। শেষ পর্যন্ত মোট ৫৫ হাজার ৯৭০ টাকায় মাছটি কিনে নেন আড়তের আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ‘পদ্মার এত বড় বোয়ালের স্বাদ অন্যরকম। মাছটি কেনার পর আপাতত রশি দিয়ে পদ্মা নদীর পানিতে জিইয়ে (বাঁচিয়ে) রাখা হয়েছে। ঢাকার কোনো সৌখিন বা বড় ক্রেতা পেলে সামান্য লাভ রেখেই এটি বিক্রি করে দেব।’

অন্য মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘আমি ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই এটি ছেড়ে দেব।’

পদ্মায় ধরা পড়া ১৯ কেজি ওজনের বোয়াল মাছ। ছবি : এশিয়া পোস্ট
পদ্মায় ধরা পড়া ১৯ কেজি ওজনের বোয়াল মাছ। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির রুই, কাতলা বা পাঙাশ পাওয়া গেলেও এত বড় বোয়াল মাছ এখন খুবই বিরল। তাও আবার এক সকালে এক জোড়া বিশাল বোয়াল জালে ওঠার খবর ছড়িয়ে পড়লে আড়তে উৎসুক মানুষের ঢল নামে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার বড় আকৃতির সুস্বাদু দেশীয় মাছের চাহিদা বাজারে সব সময়ই চড়া। ফলে এমন মাছ জালে উঠলে জেলে, আড়তদার ও খুচরা ব্যবসায়ী—সবার মধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়।

বিষয় :রাজবাড়ী