Advertisement

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল ১৭ বছরের রাব্বির

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল ১৭ বছরের রাব্বির
হাসপাতালে রাব্বির স্বজনেরা। ছবি : এশিয়া পোস্ট

মাত্র কয়েক মিনিট আগেও বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়ে বেড়াচ্ছিল সে। কখনও বল কাড়ছিল, কখনও বাড়িয়ে দিচ্ছিল সতীর্থদের দিকে। চারদিকে তখন বিকেলের মাঠজুড়ে ফুটবলের উন্মাদনা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার একপর্যায়ে হঠাৎ বুক চেপে ধরে মাঠেই লুটিয়ে পড়ে ১৭ বছরের তরুণ রাব্বি। আতঙ্কিত বন্ধুরা ছুটে যায় তার কাছে, দ্রুত নিয়ে যায় হাসপাতালে। কিন্তু চিকিৎসকের একটি বাক্যেই নিভে যায় সব আশা—‘রাব্বি আর নেই’।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার মিজার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আজান গ্রামের মাঠে যায় রাব্বি। খেলা জমে ওঠার একপর্যায়ে হঠাৎ সে বুকে তীব্র ব্যথা অনুভব করে এবং কিছু বুঝে ওঠার আগেই মাঠের মধ্যে লুটিয়ে পড়ে।

এ ঘটনায় উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মাঝে তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :মেহেরপুর