প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় স্থান পেল ‘বাদশা বাহাদুর’

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে আসে।
পরে প্রধানমন্ত্রী বন বিভাগের মাধ্যমে বাদশা বাহাদুর হাতিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হয়। তিনি স্বেচ্ছায় হাতিটিকে বন বিভাগের জিম্মায় দিতে রাজি হন।
এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে বাদশা বাহাদুর এখন থেকে জাতীয় চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশে বসবাস করবে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান বন্দরে বন বিভাগের কাছে হাতিটিকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে মালিক স্বেচ্ছায় তার হাতিটিকে প্রদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের কাছে প্রাণীটিকে হস্তান্তর করা হয়েছে।
চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলেও জানান তিনি।





