logo

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি
বাঁ থেকে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক চিঠিতে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। চিঠির বিষয় ছিল, ‘স্পিকার কর্তৃক বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন’।

চিঠিতে বলা হয়, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এর ১৮(১)(ঙ) ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার বগুড়ার সংসদীয় আসন থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। ওই ধারায় বগুড়ার সংসদীয় আসন থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যকে সিন্ডিকেটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের চিঠি।
জাতীয় সংসদ সচিবালয়ের চিঠি।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিবের সই করা চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। চিঠির অনুলিপি বগুড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মনোনীত দুই সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটি শুধু আমার জন্য নয়, বগুড়ার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমি আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।