logo

‘চোরেরা পাম্পও নিয়ে গেছে, মাকেও মেরে রেখে গেছে’

‘চোরেরা পাম্পও নিয়ে গেছে, মাকেও মেরে রেখে গেছে’
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঠাকুরগাঁও রুহিয়া উপজেলার চাপাতি গ্রামে পানির পাম্প চুরি করার সময় দেখে ফেলায় চোরের লাঠির আঘাতে বিন্দুমতি (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রুহিয়া থানার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বিন্দুমতির ছোট ছেলে রঞ্জন সরকারের (৩২) বাড়িতে পানির পাম্প চুরির উদ্দেশ্যে কয়েকজন দুর্বৃত্ত ঢোকে। এ সময় শৌচাগারে যাওয়ার পথে বিন্দুমতি তাদের দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে ধরা পড়ার ভয়ে দুর্বৃত্তরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বলে পরিবারের দাবি। আঘাতে গুরুতর আহত হয়ে বিন্দুমতি মাটিতে পড়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। এ সময় দুর্বৃত্তরা বাড়ির পানির পাম্পটি নিয়ে পালিয়ে যায়।

নিহতের ছেলে রঞ্জন সরকার জানান, তিনি বৈরাগী হাটে নিজের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরেন। পরে তার স্ত্রী দীপালী রানী পানি আনতে গেলে শৌচাগারের গলিতে বিন্দুমতিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার মাথায় জমাট বাঁধা রক্ত দেখতে পান এবং বুঝতে পারেন তিনি মারা গেছেন।

রঞ্জন সরকার বলেন, চোরেরা আমাদের বাড়ির পানির পাম্প নিয়ে গেছে, একই সঙ্গে আমার মাকে মেরে রেখে গেছে। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

খবর পেয়ে রুহিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী বলেন, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।