Advertisement

মহিষ বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
মহিষ বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
কুষ্টিয়ার দৌলতপুর থানা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন নামে এক চৌকিদার রিহত হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বানেজ উদ্দিন স্থানীয় চড়ুইকুড়ি এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের চৌকিদার (গ্রাম পুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির অভিযুক্ত ছেলের নাম রাজীব।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেছিলেন। রোববার রাতে সেই মহিষ বিক্রির টাকা দাবি করেন ছেলে রাজীব। তবে তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।