কুমিল্লায় উল্টে গেল যাত্রীবাহী বাস, সাংবাদিকসহ আহত ৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হয়। এতে সড়ক ভিজে যায়। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জাতীয় দৈনিক কালবেলার চিফ রিপোর্টারও রয়েছেন।
পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে উল্টে যাওয়া সেই বাসটিকে রেকার দিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। এদিকে দুর্ঘটনার পর বেশ কিছু গাড়ি উল্টোপথে চলাচল শুরু করে। এতে মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আ. মোমিন বলেন, দ্রুত সময়ে গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।