Advertisement

চাঁদপুরে এক বছর পর ফের চালু হচ্ছে ২ টাকার স্বাস্থ্যসেবা

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চাঁদপুরে এক বছর পর ফের চালু হচ্ছে ২ টাকার স্বাস্থ্যসেবা
ছবি : এশিয়া পোস্ট

একসময় মাত্র দুই টাকার বিনিময়ে—এমনকি অনেক ক্ষেত্রে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেতেন চাঁদপুরের খেটে খাওয়া ও অসহায় মানুষ। দীর্ঘদিন ধরে সেই সেবা প্রদান করে আসা চাঁদপুর পৌরসভার পুরানবাজার দাতব্য চিকিৎসালয়টি চিকিৎসকসংকটে প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বর্তমানে চিকিৎসালয়টির অবকাঠামোগত সংস্কারকাজ চলছে। সংস্কারকাজ শেষ হওয়ার পাশাপাশি চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুততম সময়ের মধ্যে এটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই দাতব্য চিকিৎসালয়টি কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়, দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি নিম্নআয়ের মানুষের অন্যতম ভরসাস্থল ছিল। বিশেষ করে চরাঞ্চল, নদীতীরবর্তী এলাকা এবং পুরানবাজারের আশপাশের দরিদ্র ও শ্রমজীবী মানুষ নামমাত্র মূল্যে এখান থেকে নিয়মিত চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে আসছিলেন।

জানা যায়, ১৯২০ সালে চাঁদপুর পৌরসভা পুরানবাজার এলাকায় এই দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে নানা সীমাবদ্ধতার মধ্যেও এটি দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসার আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিক্রমায় চিকিৎসালয়টির বয়স ১০৬ বছরে পৌঁছেছে। দীর্ঘদিনের পুরোনো ভবন ও অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়ায় বর্তমানে এর সংস্কার জরুরি হয়ে পড়ে।

গত বছরের আগস্ট মাসে চিকিৎসক না থাকায় চিকিৎসালয়টির সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে চিকিৎসালয়টি খোলা ভেবে এসে সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেন। বিশেষ করে চরাঞ্চল ও আশপাশের নিম্নআয়ের মানুষের জন্য এটি বন্ধ হওয়া ছিল একটি বড় ধাক্কা।

চিকিৎসালয়টি বন্ধ হওয়ার পর এটি দ্রুত চালুর দাবিতে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্বল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন। এমন পরিস্থিতিতে মাত্র দুই টাকায় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগটি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

সম্প্রতি চাঁদপুর পৌরসভার ১০৬ বছরের ঐতিহ্যবাহী পুরানবাজার দাতব্য চিকিৎসালয়টি সরেজমিনে পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে চিকিৎসালয়টির জরাজীর্ণ অবস্থা পর্যালোচনা করে দ্রুত সংস্কারকাজ শেষ করা এবং চিকিৎসাসেবা পুনরায় চালুর প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ইতোমধ্যে ভবনটির সংস্কারকাজ শুরু হয়েছে। একই সঙ্গে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে নতুন চিকিৎসক পাওয়া গেলেই চিকিৎসালয়টির কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা দুলাল খান জানান, হঠাৎ করে চিকিৎসালয়টি বন্ধ হয়ে যাওয়ায় চরাঞ্চলসহ আশপাশের গরিব রোগীরা চরম বিপাকে পড়েছিলেন। বন্ধের সময় অনেক অসহায় রোগী এসে সেবা না পেয়ে ফিরে গেছেন। গরিব মানুষের জন্য এই চিকিৎসালয়টি ছিল শেষ ভরসা। এখান থেকে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে ওষুধ পেয়ে অনেক মানুষ উপকৃত হতেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন পর পৌরসভা নতুন করে চিকিৎসালয়টি চালুর উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা আশার আলো দেখছেন। দ্রুত সংস্কারকাজ শেষ করে চিকিৎসাসেবা চালু হলে দরিদ্র মানুষের শারীরিক ও আর্থিক দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে দাতব্য চিকিৎসালয়টি সুদীর্ঘ সময় ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। মাঝে কিছু কারিগরি ও জনবল সমস্যার কারণে এটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে আমরা এখন এটি দ্রুত পুনরায় চালুর কার্যকর উদ্যোগ নিয়েছি।

তিনি আরও জানান, পুরানবাজার এলাকার পাঁচটি ওয়ার্ডের পাশাপাশি দুর্গম চরাঞ্চলের মানুষও যাতে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পান, সেই লক্ষ্যেই এটি চালু করা হচ্ছে। চিকিৎসালয়ের জন্য ইতোমধ্যে একজন চিকিৎসকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভবন সংস্কার ও নতুন চিকিৎসক যোগ দিলেই স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে।

পৌর প্রশাসক জানান, পুরোনো জরাজীর্ণ ভবনটিকে ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে এখানে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের মহাপরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে পৌরসভার পক্ষ থেকে রোগীদের জন্য অত্যাবশ্যকীয় কিছু ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা রাখা হবে।

বিষয় :