Advertisement

পাবনায় মাছ ধরার ফাঁদে আটকা বিরল গন্ধগোকুল‎

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় মাছ ধরার ফাঁদে আটকা বিরল গন্ধগোকুল‎
উদ্ধার হওয়া গন্ধগোকুল‎। ছবি: এশিয়া পোস্ট

পাবনার চাটমোহরে মাছ ধরার একটি ফাঁদে আটকা পড়া বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কুমারগাড়া গ্রামের মিলন হোসেন মাছ ধরার স্থানীয় ফাঁদ ‘ধুদি’তে একটি অচেনা বন্যপ্রাণী আটকা পড়ে থাকতে দেখেন। প্রথমে প্রাণীটিকে শনাক্ত করতে না পারলেও পরে ইউটিউবে বিভিন্ন তথ্য-উপাত্ত দেখে সেটি গন্ধগোকুল বলে নিশ্চিত হন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

‎খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাসের সহায়তায় প্রাণীটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে নিকটবর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়। এ সময় বিরল প্রাণীটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

‎বন বিভাগের কর্মকর্তা রতন আলী বিশ্বাস বলেন, গন্ধগোকুল পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের বন্যপ্রাণী ধরা পড়লে বা দেখা গেলে হত্যা বা আটকে না রেখে দ্রুত বন বিভাগ কিংবা প্রশাসনকে জানানো উচিত।

ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, গন্ধগোকুল একটি বিরল ও নিরীহ নিশাচর বন্যপ্রাণী। এটি মানুষের জন্য ক্ষতিকর নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর পাওয়ার পর প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার প্রাকৃতিক আবাসস্থল প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকতে পারে।