logo

শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রী বললেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব

শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রী বললেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব

শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ দেওয়া যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থাকে আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রো লেভেলে দেখব।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে, সেটার ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প নেই।

হাবিপ্রবির শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে বিশ্ববিদ্যালয় বছরে ৮ লাখ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমি এই প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বলতে চাই—তোমাদের দিকে তাকিয়ে আছেন তোমাদের অভিভাবক। তাই যতদিন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্ত লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, আজকের এই সময়ই তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে। আজকের এই প্রস্তুতিই আগামীর বাংলাদেশকে গঠন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির।