logo

​কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় মেরে হত্যা

​কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় মেরে হত্যা
ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাস বয়সী ভাতিজিকে আছাড় মেরে হত্যা করেছে এক যুবক। এছাড়া বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন ওই যুবকের ভাবী।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

​ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক ইমনকে (২৪) হাতেনাতে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে। আটক ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

​নিহতরা হলেন- ইমনের মা মোছা. ফিরোজা বেগম এবং তার ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। হামলায় গুরুতর আহত ভাবির নাম রাবেয়া আক্তার।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার নিজ মা ফিরোজা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবী রাবেয়াকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।

ইমনের বড় ভাই মো. সুজন বলেন, ২০১৮ সাল থেকে ইমন পা ভাঙার পর থেকে বাড়িতে থাকে। তার দুইবার অপারেশন হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। সোমবার সকাল ৭টার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। পরে খবর পাই, তার মা ও মে‌য়ে‌কে হত্যা করা হয়েছে।

​দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইমন‌কে আটক ক‌রি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।