বাঁশ কাটা নিয়ে ঝগড়া, কুমিল্লায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে সফিকুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সফিকুল ইসলাম দিনমজুরের কাজের পাশাপাশি বাঁশ-বেত দিয়ে খাড়ি, ঝুড়ি, জাবার, চালনি, চুরিসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করতেন। এসব বিক্রি করে যে আয় হতো, তা দিয়েই তিনি সংসার চালাতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে মৃত এনু মেম্বারের ছেলে লিমন (৪৭) ও তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) তাকে বাধা দেন।
এ সময় সফিকুল বাঁশঝাড়টি নিজের বলে দাবি করলে প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি ও পরে হাতাহাতি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে নিশাদ হাতুড়ি দিয়ে সফিকুলকে মারধর এবং দা দিয়ে কোপান। পরে লিমন ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সফিকুলকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, আমার চোখের সামনে লিমন ও নিশাদ আমার স্বামীকে হাতুড়ি দিয়ে মারধর, দা দিয়ে কোপানোর পর ছুরি দিয়ে পেটে আঘাত করে। আমি কিছুই করতে পারলাম না।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের ঝগড়ায় সফিক নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।