logo

খুলনায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

খুলনায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার আশায় খুলনায় আনা হয়েছিল ১০ মাসের শিশু শামীমকে। তবে সেই আশা আর পূরণ হলো না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক ও সেবিকার অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। 

বুধবার (৮ এপ্রিল) শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।

শিশুটির মা নুরজাহান বেগম বলেন, অসুস্থ হয়ে পড়লে প্রথমে শামীমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় ছিল চরম অবহেলা। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সেবিকারা সময়মতো শিশুটির খোঁজ নেননি। প্রয়োজনীয় চিকিৎসাও ঠিকভাবে দেওয়া হয়নি। তাদের দাবি, এ অবহেলার কারণেই শামীমের মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতালে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। তাকে প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় রাউন্ডের পাশাপশি সার্বক্ষণিক চিকিৎসক থাকে শিশু ওয়ার্ডে। 

তিনি বলেন, শিশুটিকে নিয়ে তার পরিবার জীবিত অবস্থায় হাসপাতালে থেকে একবার চলে যায়, কিন্তু রোগীর অবস্থা খারাপ হলে আবারও নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।