চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই ‘ডোনাল্ড ট্রাম্পের’

পবিত্র ঈদুল আজহায় কোরবানি হচ্ছে না আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। শেষ মুহূর্তে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মহিষটিকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়।
অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা মনিরুজ্জামান সামির।
মহিষটির ক্রেতা সামিরের চাচা শ্বশুর মো. তাইবুর রহমান বলেন, আমরা মূলত ঈদুল আজহার কোরবানির জন্য মহিষটি কিনেছিলাম। তবে পরে জানতে পারি এটি অ্যালবিনো জাতের অত্যন্ত বিরল একটি মহিষ।
তিনি বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আমরা মহিষটি তাদের কাছে হস্তান্তর করেছি। এমন বিরল প্রাণী দেশের সম্পদ, তাই এটি সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারবে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মেহেদী হাসান ভূইয়া জানান, অ্যালবিনো জাতের এই মহিষটি অত্যন্ত বিরল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় মহিষটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। কোরবানির জন্য যিনি মহিষটি কিনেছিলেন, তার কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে এটি হস্তান্তর নেওয়া হয়েছে। পরে মহিষটিকে মিরপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।
