logo

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারকে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের হয়রানি ও দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাভারের নবীনগর এলাকায় দুটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বাড়ির পথে রওনা দিতে বাসস্ট্যান্ডগুলোতে ভিড় করেন। অনেকে টিকিট কিনে বাসের অপেক্ষায় আছেন, আবার কেউ টিকিট না পেয়েও অপেক্ষা করছেন। দূরপাল্লার বাসের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সাভারের নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ডে নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি টাকা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাস ছাড়তে দেরি করা এবং কৃত্রিম সংকট তৈরিরও অভিযোগ উঠেছে।

দক্ষিণাঞ্চলের এক যাত্রী শাওন বলেন, সড়কের দুই পাশে শত শত দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকলেও যাত্রী তোলা হচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, ঈদের আগমুহূর্তে বাড়তি ভাড়া আদায়ের জন্য বাসগুলো আটকে রাখা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উত্তরাঞ্চলের যাত্রী রুহুল আমিন বলেন, আগে যে ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা ছিল, এখন তা বেড়ে ১ হাজার ২৫০ টাকা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়েও বাস ছাড়ছে না।

আরেক যাত্রী সজিব অভিযোগ করেন, বগুড়াগামী বাসের ভাড়া ৫৫০ টাকার জায়গায় ১ হাজার টাকা নেওয়া হয়েছে। অভিযোগ করায় হুমকির মুখেও পড়েছেন বলে দাবি করেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।