logo

রাজবাড়ীতে বাজারে আগুন, নেভাতে গিয়ে ৩ ফায়ার ফাইটার দগ্ধ

রাজবাড়ীতে বাজারে আগুন, নেভাতে গিয়ে ৩ ফায়ার ফাইটার দগ্ধ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাজারে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুনের কারণে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াকান্দি ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন দগ্ধ হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুন লাগল, কেউ বলতে পারছেন না।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা বালিয়াকান্দি ও রাজবাড়ী ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমাদের তিন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বহরপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশ কাজ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।