ভারতে ভোট, তিন দিন বন্ধ গেদে-দর্শনা চেকপোস্ট

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিধানসভা নির্বাচন উপলক্ষে গেদে-দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারবেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের বরাতে বিষয়টি নিশ্চিত করেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।
তিনি জানান, আগামী ২৯ এপ্রিল নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে আজ সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে বলে গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরতে কোনো বাধা থাকবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে আগের নিয়মে বন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।