logo
Advertisement

আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, জেলাজুড়ে উৎসবের আমেজ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, জেলাজুড়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আজ রোববার (৬ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁওয়ে যাবেন। তার আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।

Advertisement

এ উপলক্ষে শহরজুড়ে ব্যানার-ফেস্টুন টাঙানো, রাস্তাঘাট আলোকসজ্জাসহ নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা। মূল অনুষ্ঠানের জন্য ঠাকুরগাঁও জিলা স্কুলের বড় মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

তার আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

সফরের প্রথম দিন রোববার রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরজুড়ে শোভা পাচ্ছে শুভেচ্ছা সংবর্ধনার ব্যানার ও ফেস্টুন। ছবি : এশিয়া পোস্ট
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরজুড়ে শোভা পাচ্ছে শুভেচ্ছা সংবর্ধনার ব্যানার ও ফেস্টুন। ছবি : এশিয়া পোস্ট

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ইতোমধ্যে ঠাকুরগাঁও শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি শেষ করা হয়েছে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। রঙের ছোঁয়ায় বদলে যাচ্ছে শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনার চেহারা।

পৌরসভার বাসিন্দা মামুন হক বলেন, রাষ্ট্রপতির এই সফর শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হবে—এমনটাই আমাদের প্রত্যাশা।

হাবিব নামের আরেকজন বাসিন্দা বলেন, এটি কেবল একজন রাষ্ট্রপতির নিজ জেলা সফর নয়; ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য তাদের ঘরের সন্তানকে নতুন পরিচয়ে কাছে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। তাই রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত শহর, প্রস্তুত প্রশাসন ও সাধারণ মানুষ। এখন অপেক্ষা শুধু তাঁর আগমনের।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী বলেন, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নিজ জেলার সন্তান রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সরকারি সফরে আসছেন, এটি ঠাকুরগাঁওবাসীর জন্য পরম গর্বের বিষয়।

সংবর্ধনা মঞ্চ। ছবি : এশিয়া পোস্ট
সংবর্ধনা মঞ্চ। ছবি : এশিয়া পোস্ট

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো জেলাতেই বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে উদ্বেলিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও রাষ্ট্রপতির আগমন নিয়ে নানা আলোচনা চলছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে ঠাকুরগাঁও এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। একদিকে ঘরের ছেলেকে রাষ্ট্রপতি হিসেবে বরণ করে নেওয়ার আনন্দ, অন্যদিকে জেলার উন্নয়ন-প্রত্যাশা—এ দুয়ের মেলবন্ধনে তাঁর আগমনের অপেক্ষায় পুরো ঠাকুরগাঁওবাসী।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির ৬ ও ৭ সেপ্টেম্বরের সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।