logo

চিফ হুইপের নির্দেশনার পর কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২১

চিফ হুইপের নির্দেশনার পর কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২১
কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটককৃতরা। ছবি : পুলিশের সৌজন্যে

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। এ সময় কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণির নির্দেশনার পর এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।

আটক ব্যক্তিদের মধ্যে ১৮ বছরের কম বয়সি সাতজন রয়েছেন। পুলিশের দেওয়া তথ্যে, ২৫ বছর বয়স পর্যন্ত ১২ জন এবং ২৫ বছরের বেশি বয়সি দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পাথরঘাটা থেকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর নির্দেশনা দেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলের উদ্দেশ্যে একটি বিশেষ অভিযান পরিচালানা করে পুলিশ। এ সময় বিভিন্ন বয়সি সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়। এছাড়া কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, চিফ হুইপ পাথরঘাটাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেখতে চান এবং এ বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপারেরও এসব অপরাধ নিয়ন্ত্রণে আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে।

তিনি আরও বলেন, এর ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।