বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আহমেদ আনাস বাপ্পি নামে এক তরুণ।
শুক্রবার (২১ আগস্ট) ছিল তার বউভাতের আয়োজন। এর আগেই গভীর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে সাইরা খাতুনের বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরাকে শ্বশুরবাড়িতে তুলে আনা হয়। শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বউভাতের আয়োজন করা হয়েছিল। এ জন্য বাড়িতে অতিথিদের খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত।
আনাসও সেখানে থেকে প্রস্তুতির কাজ তদারকি করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ভোরে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



