বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের তিন কর্মী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট এলাকায় প্রায় এক বছরের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) চর বৈশাখী থানার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার কর্মীরা হলেন—সুবর্ণচর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের লাইনম্যান ফয়সাল, নাদিম হোসেন ও সানোয়ার।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট গ্রাহকের গত বছরের নভেম্বর থেকে প্রায় এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। কয়েক মাস আগে জোনাল অফিস থেকে বকেয়া বিল শোধের নোটিশ দেওয়া হলে গ্রাহক মিটারে সমস্যা রয়েছে দাবি করে পরিবর্তনের আবেদন করেন। আবেদনের ভিত্তিতে মিটারটি পরিবর্তন করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এরপরও তিনি বকেয়া বিল পরিশোধ করেননি। শনিবার বকেয়া বিল আদায়ের লক্ষ্যে পল্লী বিদ্যুতের কর্মীরা ওই গ্রাহকের বাড়িতে গেলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই গ্রাহক, তার স্ত্রী ও কন্যা মিলে কর্মীদের ওপর হামলা চালান।
তবে অভিযুক্ত গ্রাহক আবদুর রহিম জানান, মিটারে সমস্যা থাকার বিষয়ে তিনি আগে সুবর্ণচর জোনাল অফিসে অভিযোগ জানিয়েছিলেন। আবেদনের পর কর্তৃপক্ষ মিটার পরিবর্তন করে দিলেও নতুন মিটারে অতিরিক্ত বিল আসছে বলে অভিযোগ করেন তিনি।
পল্লী বিদ্যুতের লাইনম্যান ফয়সাল বলেন, মিটার পরিবর্তনের পরও অভিযোগের আশানুরূপ সমাধান না হওয়ায় গ্রাহক ক্ষুব্ধ ছিলেন। এর জেরেই বকেয়া বিল আদায় করতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন ও হামলা চালান।
পল্লী বিদ্যুৎ সমিতির সুবর্ণচর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মকবুল আলম বলেন, বকেয়া বিল আদায় করতে গিয়ে আমাদের তিন কর্মী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


