logo

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি : এশিয়া পোস্ট

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্য দুই আরোহী। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়। দুর্ঘটনার পর গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ আরও অন্তত ছয়জন আহত হন। তবে ট্রাকে থাকা আটটি গরুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান (৪০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।