logo

পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

‎পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও পুলিশ।

‎শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

‎মৃত যুবক রক্তিম পাবনা সদরের পৌরসভার ৩নং ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে বেড়ানোর উদ্দেশ্যে পাবনা শহর থেকে কয়েকজন বন্ধু গিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া নিয়ে নদী ভ্রমণ করছিলেন। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে যান ওই নৌকার ছয় যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা গেলেও রক্তিম নামের ওই যুবক নিখোঁজ হন।

এরপর সন্ধ্যার পর রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেও রাত পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শনিবার (৩০ মে) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করলে ২০ ঘণ্টার সফল অভিযানে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

‎ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান এশিয়া পোষ্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও ডুবুরিদের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।