মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের ধলাই নদীর পর এবার রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আকস্মিক ও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামে নদীর বাঁধের একটি বড় অংশ পানির প্রবল চাপে ভেঙে যায়। এতে লোকালয়ে তীব্র বেগে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং মুহূর্তের মধ্যেই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
স্থানীয়রা জানান, নদীর পানির অতিরিক্ত চাপের কারণে উজিরপুর এলাকার বাঁধটি আকস্মিকভাবে ধসে পড়ে। বাঁধ ভাঙার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় চরম আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়।
বাঁধ ভাঙা পানি অত্যন্ত দ্রুতগতিতে লোকালয়ে প্রবেশ করায় টেংরা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিস্তীর্ণ ফসলি জমি মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যাচ্ছে। এ ছাড়া রাজনগরের টুপিরমহল, হরিপাশা এলাকায় বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় আছে।
টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই বাঁধের বড় একটি অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং দুর্গতদের সহায়তার চেষ্টা চলছে।





