ঝালকাঠিতে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
ঝালকাঠিতে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. মোস্তফা কামাল বলেন, সাপ কামড়ানোর পর পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন মহল বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় পরিষ্কার করা এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাপের কামড়ের ঘটনায় কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিষয় :ঝালকাঠি