স্থানীয় সরকার নির্বাচন/ভোট গণনায় এদিক-ওদিক হলে সেই হাত থাকবে না: সারজিস আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে সেই হাত আর থাকবে না।
শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে নগরীর আলুপট্টি মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে সারজিস আলম বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ ক্ষমতা আছে বলে সেটির অপব্যবহার করা যাবে না। এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করে, তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই—যে হাত এ কাজ করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।
তিনি অতীতের বিভিন্ন নির্বাচন নিয়েও সমালোচনা করেন। এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসনের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণ তা প্রতিরোধ করবে বলেও মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।
এ সময় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।




