যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিট চালুর উদ্যোগ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শনিবার (৮ আগস্ট) হাসপাতাল পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রার সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিট স্থাপন করে উদ্বোধন করাই এখন অগ্রাধিকার। এ কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোরে পূর্ণমাত্রার সিসিইউ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ইউনিট দুটি দ্রুত চালুর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে প্রথম ধাপে ৩০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে।
স্বাস্থ্যসেবা বিভাগের এই কর্মকর্তা বলেন, যশোর মেডিকেল কলেজেও ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। দুটি হাসপাতাল মিলিয়ে এক হাজার শয্যার সক্ষমতা তৈরি হলে যশোরসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ অনেক বাড়বে।
হাসপাতাল পরিদর্শনের সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত এবং যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
