বগুড়ায় বাড়ছে যমুনার পানি, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় বাড়ছে যমুনার পানি, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা
ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে টানা ভারী বৃষ্টিতে বগুড়া শহরের অধিকাংশ সড়কে পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকাল ৯টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭০ মিটার (বাংলাদেশ জরিপ অধিদপ্তর নির্দেশিত মানদণ্ড), যা বিপৎসীমার ১৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় পানি সমতল ছিল ১৪ দশমিক ৬৮ মিটার। সারিয়াকান্দি পয়েন্টে যমুনার বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। উজান থেকে নেমে আসা ঢল এবং অব্যাহত বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে রোববার রাত থেকে বগুড়াজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। বগুড়া আবহাওয়া অফিসের বেতার পরিচালক রবিউল ইসলাম জানান, রোববার বিকেল ৩টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ সড়কে পানি জমে গেছে। এতে বিদ্যালয়, মহাবিদ্যালয় ও কার্যালয়গামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিষয় :বগুড়া