logo

কুমিল্লায় এমপির পিএস পেলেন সারের ডিলারশিপ

কুমিল্লায় এমপির পিএস পেলেন সারের ডিলারশিপ
বাঁ থেকে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন ও পিএস মো. মোশাররফ হোসেন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মোশাররফ হোসেন সারের ডিলারশিপ পাওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ছাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোশাররফ হোসেন সারের ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া বুড়িচং পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের ভাগনে ও আওয়ামী লীগ নেতা বাবুল আলম ডিলারশিপ পেয়েছেন বলে জানা গেছে।

একইভাবে রাজাপুর ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই সাদেকুর রহমান, ষোলনল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল বেগ, মোকাম ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলাম এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী মাসুদ রানা সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।

সারের ডিলারশিপ বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন, মোশাররফ হোসেন আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি সংসদ সদস্য জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তার সারের ডিলারশিপ পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি জানান, মোশাররফ হোসেন শেখ রাসেল স্মৃতি রক্ষা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে দলের ত্যাগী এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

এদিকে, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন সেন্টু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার পোস্টে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা প্রকাশ পেয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিম বলেন, সে (মোশাররফ হোসেন) দরখাস্ত করেছে কি না, আমি জানি না। আমি এ বিষয়ে কোনো তদবির করিনি।

অন্যদিকে, সারের ডিলারশিপ পাওয়ার বিষয়ে বক্তব্য জানতে মো. মোশাররফ হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।