কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণে পরিচ্ছন্নকর্মী, এমপির পরিদর্শনে ধরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে পরিচ্ছন্নকর্মী ওষুধ বিতরণ করছেন–স্থানীয় সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শনে বিষয়টি ধরা পড়ে। এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলবাড়িয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
এ সময় ক্লিনিকে দায়িত্বে থাকা হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) মেহেরুন্নেছাকে না পেয়ে সেখানে উপস্থিত এক নারীর পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে।
পরে জানা যায়, ওই নারী মেহেরুন্নেছার স্বজন এবং পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন। তবে তিনি নিয়োগপ্রাপ্ত নন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, সরকারি স্বাস্থ্যসেবায় এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব বলেন, পরিদর্শনে থাকা নারী স্বাস্থ্য বিভাগের কোনো কর্মচারী নন। বিষয়টি প্রাথমিকভাবে সত্য হওয়ায় সিএইচসিপি মেহেরুন্নেছার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


