logo

তিন জেলায় পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

তিন জেলায় পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুর, নাটোর ও মাগুরায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জেলার পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এশিয়া পোস্টের প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদন।

জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ইয়ামিন (দেড় বছর) ও মাহিদুল গাজী (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ইয়ামিন মাদারগঞ্জ উপজেলার বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মাহিদুল গাজী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইয়ামিনের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। বাড়ির পাশে মাটি কাটার ফলে তৈরি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার গাজীপাড়া এলাকায় সিংগিডোবা বিলে ডুবে মাহিদুল গাজীর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির আঙিনা থেকে পাশের বিলে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নাটোর

নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে আরাফাত (১১) ও নুর মোহাম্মদ (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ণকলস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত মিন্টু ইসলামের ছেলে এবং নুর মোহাম্মদ রাজু আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও গ্রামবাসী বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা

মাগুরা সদর উপজেলার বজ্রুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নূসরাত (৭) বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে এবং নাঈম (৬) একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে ডোবায় নেমে খোঁজ করে তাদের উদ্ধার করা হয়। দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক মো. ইমরান হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।