লালমনিরহাট সীমান্তবর্তী এলাকায় পলিথিনে মোড়ানো ছিল পিস্তল-গুলি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) সকালে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর নামক এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র চোরাচালানের খবর পেয়ে বিজিবি অভিযান পরিচালনা করে। অভিযানে ডিগ্রির চর এলাকায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল ও গুলিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



