logo

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটান এক ছাত্রদল নেতা। ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেনকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শহিদুল ইসলাম ওরফে সাহেদের বিরুদ্ধে। এ সময় হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। অভিযুক্ত সাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানো হচ্ছে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারতেও দেখা যায়। এতে তিনি রক্তাক্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে রোববার বিকেলে সাহেদ ও জুয়েলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। রাতে চিকিৎসা নিতে জুয়েল হাসপাতালে গেলে সাহেদ তার অনুসারীদের নিয়ে সেখানে যান। প্রথমে হাসপাতালের সামনে জুয়েলকে মারধর করা হয়। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে তিনি জরুরি বিভাগের একটি কক্ষে ঢুকে পড়েন। অভিযোগ রয়েছে, সাহেদও সেখানে ঢুকে তাঁকে চেয়ার দিয়ে পেটান এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, সাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপচন্দ্র পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে কোনো সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।