লালন শাহের মাজারের প্রবেশপথে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে পেট্রোলভর্তি বোতল, লোহার পাইপ ও বৈদ্যুতিক তার সংযুক্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে নারকেলগাছের নিচ থেকে এটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, ব্যাগটির খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। এ সময় মাজারে আগত সাধুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।
খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে কুমারখালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা আখড়াবাড়ির আঙিনায় বোমাসদৃশ বস্তু রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। সেটি উদ্ধার করে সোমবার সকালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে। স্মরণোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

