ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: তদন্তে পুলিশের কমিটি

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে আটকের কয়েক ঘণ্টা পর এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। জেলা পুলিশের গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ও ডিআই-১ মো. মোশারফ হোসেন।
এর আগে, শনিবার রাতে দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় ডিবি মাদকবিরোধী অভিযান চালায় বলে জানানো হয়। অভিযানে মাদক বিক্রির অভিযোগে ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আহমেদ প্রান্তকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে দাবি করে ডিবি।
ডিবির দাবি, আটকের এক ঘণ্টা পর প্রান্ত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী জানান, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সিটিস্ক্যানে দেখা যায়, প্রান্ত ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, চিকিৎসকদের প্রাথমিক মতামত অনুযায়ী তিনি ব্রেনস্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তারপরও ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটি সব দিক পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।







