logo

৬ মাস ধরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ভোট চাইতে ঘটনা ফাঁস

৬ মাস ধরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ভোট চাইতে ঘটনা ফাঁস

নোয়াখালীর সুবর্ণচরে এক প্রতিবন্ধী তরুণীকে (২২) দীর্ঘ ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়। ওমর ফারুক উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মৃত অজি উল্যাহর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ওই তরুণীর বাড়ি উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামে। গত ছয় মাস ধরে নানা ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন ফারুক। তিনি নির্বাচনের ভোট চাইতে একাধিকবার ওই তরুণীর বাড়িতে যাতায়াত করেন। এতে ভুক্তভোগীর মায়ের সন্দেহ হয়। গত শুক্রবার এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন মা। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী বিগত ছয় মাসে ঘটে যাওয়া সব নির্যাতনের কথা মাকে জানান।

পরে ভুক্তভোগী পরিবার পুলিশকে বিষয়টি জানায়। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে আটক করে চরজব্বর থানা পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা শেষে তাকে কোর্টে পাঠানো হবে।