নীলফামারীতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

এশিয়া পোস্ট নিউজ, ‎নীলফামারী
নীলফামারীতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
নীলফামারীর জলঢাকা থানা। ছবি: সংগৃহীত

‎নীলফামারীর জলঢাকা পৌর শহরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

‎শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

‎উপজেলা প্রশাসন জানায়, বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একটি অফিস উদ্বোধন কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

জনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।

‎আদেশে বলা হয়েছে, ১৪৪ ধারা বলবৎ থাকাকালে সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিলসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

‎উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের সঙ্গে ডিবি টিমও রয়েছে। সবাই সতর্ক অবস্থানে আছি, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যাঘাত না ঘটে।