খেলা দেখে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২০ জুলাই) সকালে রুদ্রপুর গ্রামের সালামের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর কোতোয়ালি থানার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেলচালক নাহিদ এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন উষা।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল গুরুতর আহত হন। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান। এ ছাড়া দুর্ঘটনায় ট্রলিচালক আমিরুলও আহত হন। তিনি শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রলি রুদ্রপুর সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত রুবেল ও ট্রলিচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ দুটি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং স্বজনদের লিখিত আবেদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)






