logo

জাজিরায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জাজিরায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
জাজিরায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে প্রায় শতাধিক নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এতে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীকে নেতৃত্ব দিতে দেখা গেছে। মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। এর মধ্যে ছিল—‘শেখ হাসিনার জন্মদিন, শুভ শুভ শুভ দিন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান।

ভিডিওতে মিছিলে ব্যবহৃত ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়। মিছিলের কারণে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। সেখানে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।