কলাবাগানে নারীর অর্ধগলিত মরদেহ, শরীরে বন্যপ্রাণীর থাবা

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
কলাবাগানে নারীর অর্ধগলিত মরদেহ, শরীরে বন্যপ্রাণীর থাবা
চাঁদপুরের মতলব উত্তরে কলাকান্দা এলাকায় নির্জন কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত ৪ থেকে ৫ দিন আগের।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার কলাকান্দা হানিরপাড় গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন কলাবাগানের ভেতরে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি মতলব উত্তর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। তবে মৃত নারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং চাঁদপুর পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিবিআই সদস্যরা ক্রাইম সিন থেকে সম্ভাব্য আলামত সংগ্রহ করে রহস্য উদঘাটনের চেষ্টা করছেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মরদেহটি বেশ কয়েক দিনের পুরোনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং কিছু অংশ পোকামাকড় ও বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মৃত নারীর পরিচয় শনাক্তে আশপাশের থানা ও পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। কোনো নিখোঁজ ডায়েরির তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় :চাঁদপুর