logo
Advertisement

ধানক্ষেতে বিশাল অজগর দেখে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
ধানক্ষেতে বিশাল অজগর দেখে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা
ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় অজগরটি। বুধবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া বাগান রোড এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধান কাটার সময় ক্ষেতে বিশালাকার একটি অজগর সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষি শ্রমিকদের মধ্যে। ভয়ে কাজ বন্ধ করে দেন তারা।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়াউড়া বাগান রোড সংলগ্ন একটি ধানক্ষেতে শ্রমিকরা ধান কাটছিলেন। হঠাৎ তারা ধানক্ষেতে একটি অজগর সাপ দেখতে পান। আতঙ্কে শ্রমিকরা দ্রুত কাজ বন্ধ করে সরে যান। বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় জানাজানি হলে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দক্ষতার সঙ্গে অজগর সাপটিকে কোনো ক্ষতি ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। সাপটিকে বনে অবমুক্ত করার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।