মাদ্রাসারছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় কয়েক দফায় সংঘর্ষ

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় ফরিদপুরের সালথায় দুই পক্ষের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় ১০ জন আহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর ও বিভাগদী এলাকায় সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়দের তথ্যমতে, প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও আহতের সংখ্যা বা সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।