logo

টেকনাফে অনুপ্রবেশকালে নৌকাডুবিতে শিশুসহ ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

টেকনাফে অনুপ্রবেশকালে নৌকাডুবিতে শিশুসহ ২ জনের মৃত্যু, নিখোঁজ ১
সোগরে নৌকা ডুবি। প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নৌকাডুবিতে এখনও এক নারী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এর আগে, গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে আটজন বাংলাদেশি নাগরিক ও আটজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনও এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, কী কারণে নৌকাটি ডুবে গেছে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হবে। দালালদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।