ট্যাংকভর্তি তেল নিয়ে প্রতি লিটার বিক্রি করেন ৩০০ টাকায়

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের ট্যাংকভর্তি পেট্রোল নিয়ে পরে তা প্রতি লিটার ৩০০ টাকা করে বিক্রি করে দেন জুনায়েদ মিয়া নামে এক যুবক। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের মেসার্স আয়েশা তেল ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই পাম্প থেকে সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেলের ট্যাংকভর্তি করে পেট্রোল কেনেন জুনায়েদ। পরে তা পাম্পে তেল নিতে আসা অন্য মোটরসাইকেলের আরোহীদের কাছে ৩০০ টাকা দরে প্রতি লিটার বিক্রি করে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, ওই যুবককে পুলিশ আটক করেছে। এ ধরনের অনিয়ম ও অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।