রংপুরে ২১ কেজির কষ্টিপাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরের পীরগাছায় ২১ কেজি ওজনের কষ্টিপাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে গতকাল রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় পীরগাছার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামে রজব আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রজব আলী ওই গ্রামের ফজর আলীর ছেলে।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে লুকিয়ে রাখা ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালো কষ্টিপাথরের কালী মূর্তি এবং এর একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে পাচারের চেষ্টার অভিযোগে রজব আলীকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দ করা আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় চোরাচালানবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
