মানিকগঞ্জে হত্যা মামলায় ভাই-বোনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে কাশেদ আলী হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার কানাইনগরের জয়নাল পালের মেয়ে সাহিদা বেগম এবং ছেলে লিয়াকত আলী।
সোমবার (২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান আসামিদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এ ছাড়া মামলার আরেকটি ধারায় উভয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বেগমকে ধর্ষণ করেন কাশেদ আলী। এ ঘটনার জেরে ২০১৪ সালের ২৩ অক্টোবর রাতে সাহিদা বেগম কাশেদ আলীকে বাড়ির পাশে ডেকে ভাই লিয়াকত আলীর সহযোগিতায় কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় কাশেদ আলীর স্ত্রী ফাহিমা আক্তার সিংগাইর থানায় সাহিদা বেগম, লিয়াকত আলী ও আজমত আলীকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এরপর পুলিশ সাহিদা বেগম, লিয়াকত আলী ও আজমত আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আসামিরা বিভিন্ন সময়ে আদালত থেকে জামিনে মুক্ত হন।
মামলায় উয়পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাহিদা বেগম ও লিয়াকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দেন। এ ছাড়া আজমত আলীকে খালাস দিয়েছেন আদালত।